বিএনপির তিন সংগঠনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৬:২১ পিএম

বিএনপির তিন সংগঠনের রোডমার্চ কর্মসূচি ঘোষণা

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। তিনি অভিযোগ করেন, ‌রাত পর্যন্ত কোর্ট চলে। বিচারহীনতার সংস্কৃতি চলছে। তাই আজ আমরা তিন সংগঠন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে নামছি। রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাতের সরকার। তারেক রহমানসহ ৫০ লাখ নেতার বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে নির্যাতন করছে এই সরকার। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে টুকু বলেন, রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাতের সরকার। তিনি বলেন, তারেক রহমানসহ ৫০ লাখ নেতার বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে নির্যাতন করছে এই সরকার। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর এবং ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির এই তিন সংগঠন। রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী ধাপের কর্মসূচি পরে ঘোষণা করা হবে। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের পতন হবে।

রংপুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। মাঝপথে কয়েকটি পথসভা হবে। দিনাজপুরে সমাবেশের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হবে। একইভাবে দ্বিতীয় দিনের কর্মসূচি বগুড়া থেকে শুরু হয়ে রাজশাহীতে গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

Link copied!