বিএনপি নাম্বার ওয়ান জাতীয় দিবসে কর্মসূচি বাতিল করেছে, তারা কাপুরুষ : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৭, ২০২৩, ১২:৪৮ পিএম

বিএনপি নাম্বার ওয়ান জাতীয় দিবসে কর্মসূচি বাতিল করেছে, তারা কাপুরুষ : ওবায়দুল কাদের

কথা বলছেন ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখতে চাই ৭ নভেম্বর কার দিবস? তাদের নাম্বার ওয়ান জাতীয় দিবসে কর্মসূচি বাতিল করেছে, তারা কাপুরুষ। এই কাপুরুষদের কাছে কি রাজনীতি মানায়?

মঙ্গলবার (৭ নভেম্বর) মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।  

তিনি বলেন, জিয়াউর রহমান নাস্তা করতে করতে ফাঁসির আদেশে সই করতেন। তাঁর উত্তরাধিকারীরা এখনও তা বহাল রেখেছে।

তিনি আরও বলেন, ১৫ আগষ্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। জিয়াউর রহমান কর্নেল তাহের কেও বাঁচতে দেয় নি, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। কত সৈনিক কত মুক্তিযুদ্ধা অফিসারকে হত্যা করছে এই দিনে।

কাদের বলেন, হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতি চালু করেছে বিএনপি আর তার উত্তরাধিকারীরা। তারেক জিয়া ও এবং  বেগম জিয়া মির্জা ফখরুলরা এদেশে আগুন সন্ত্রাসের রাজনীতি চালু করেছে। বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নয়াপল্টনে বসে শেখ হাসিনা পালাচ্ছে আওয়ামী লীগ পালাচ্ছে বলে ভাষণ দিয়েছে।শেখ হাসিনা এখন হজ পালন করছেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর তারা সেদিন একজন পুলিশ সদস্যকে হত্যা করার পর বুঝলো ঘটনাতো ঘটে গেছে। মির্জা ফখরুলের আশেপাশে কেউ নাই তখনই লাগালো। দৌড় এমন দৌড় ডেমরার সালাউদ্দিন এর চাইতেও দ্রুত সময়ের দৌড়। তারা ২৮ তারিখ যেভাবে পালিয়েছে ঢাকা শহরের অলিগলি দিয়ে মানুষের বাসার ভেতরে ঢুকে গেছে।

তিনি আরও বলেন, কোন দেশ কীভাবে কোন বিবৃতি দেয় আমরা তা মানি না কোথা থেকে এলো এই বিবৃতি? আমাদের দেশে আইন ব্যবস্থা অপরাধের শাস্তি দিতে পারবে না?

সাংবাদিকদের উদ্দেশ্যে কাদের বলেন, বিএনপিকে জিজ্ঞেস করবেন তাদের জাতীয় দিবস কোনটি? বিএনপির নাম্বার ওয়ান জাতীয় দিবস আজ। তারা নিজেদের কর্মসূচি বাতিল করেছে এটি পালন করতে যাদের এতো ভয় তারা আবার আওয়ামী লীগকে হটাবে সরকার পতন করবে। বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদের নিশ্চিহ্ন করার জন্য।

প্রসঙ্গত, ইতিহাসের ঘটনাবহুল ও আলোচিত দিন আজ ৭ নভেম্বর। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। জাসদ পালন করে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে। আর প্রগতিশীল অনেক দল ও সংগঠন ৭ নভেম্বরকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে।

Link copied!