অল আউট অবরোধের পথে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১০, ২০২৩, ১১:৫০ এএম

অল আউট অবরোধের পথে বিএনপি

ফাইল ছবি

সরকার পতনের এক দফা দাবিতে অল আউট অবরোধের পথে বিএনপি।  আগে শুক্রবার- শনিবার, মঙ্গলবার অবরোধ না দিলেও বাকি দিনগুলোয় থাকত বিএনপির কর্মসূচি। তবে এবার আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

রবিবার ( ১০ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একাদশ দফার এ অবরোধ কর্মসূচির ঘোষণা করেন। আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে বলেও জানান তিনি।

রিজভী অভিযোগ করেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন তাদের মতো করে করার জন্য চেষ্টা করছে সরকার। এর অংশ হিসেবে গণহারের গ্রেপ্তার চলছে। নির্যাতন-নিপীড়ন চলছে। এসবের কারণ একটাই, ভোটারদের মনে ভয় ধরানো। এ সরকারের ভোটারের দরকার নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী মতকে সহ্য করে না। তাই আজ ঢাকা ও দেশের অন্যত্র মানববন্ধন কর্মসূচিতে বাধা ও কর্মীদের অকারণে নির্যাতন চালায় সরকারের নানা বাহিনী।

বিএনপির সঙ্গে একাত্মতা জানিয়ে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর (মঙ্গল ও বুধবার) সারাদেশে ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এর পর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এক-দুই দিন পরপর কখনও অবরোধ, কখনও হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।

Link copied!