জখম হওয়া কাস্টমস কর্মকর্তা। ছবি: সংগৃহীত
যশোরের বেনাপোল কাস্টমস হাউসের এক কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (৭ জুন) রাত আটটার দিকে দুর্বৃত্তরা তার ওপর এই হামলা চালায়। জখম হওয়া ওই ব্যক্তি হলেন কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলাম। খবর পেয়ে সহকর্মীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাফিউলকে জখমের তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়কে রিকশাযোগে তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পেচরবাওড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে এলোতাড়ি কুপিয়ে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।
রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তার বাবা নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, “বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারা, কেন তাকে কুপিয়ে জখম করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।