শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করলেও আপত্তি নেই ইসির

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৩, ০৮:১৯ এএম

শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করলেও আপত্তি নেই ইসির

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাতে ৩০০ আসনে নির্বাচনের বাধা আসবে না বলে জানান ইসি আলমগীর।

সাধারণ ভোটারদের সাথে আমরা কোন ধরনের অনুষ্ঠান করিনি। তবে যাওয়া আসার পথে ভোটারদের মধ্যে ভাল উৎসাহ ও উদ্দীপনা দেখেছি। প্রার্থীদের প্রতীক দেয়ার পর বড় মিছিল হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোথাও কোন নির্বাচনে বাধা সম্ভাবনা নেই। গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটাও তাদের স্বাধীনতা। একইসঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে মানাও করতে পারেন এতে কোনো সমস্যা দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

ইসি আলমগীর আরও বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাতে ৩০০ আসনে নির্বাচনের ক্ষেত্রে যে সাড়া পড়েছে, এমন একটি আনন্দ উৎসবের অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে এগুলো কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবেই হবে। 

বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনা বা সহিংসতা ভোটে প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা একবারেই দু-একটি ক্ষেত্রে বলা যায়। এটাকে যদি পার্সেন্টেজের মাত্রায় বলেন, শান্তি শৃঙ্খলার সঙ্গে যদি নাশকতার পার্সেন্টেজ বলে তাহলে এটার মাত্রা একেবারেই নগণ্য। যেটা করছে খুবই বিচ্ছিন্ন ঘটনা।
আলমগীর বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সঙ্গে যারা গোয়েন্দা বিভাগের আছেন তারা অত্যন্ত তৎপর। তারা বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন। কোনো নাশকতার জন্য কেউ চেষ্টা করছে কি না সে ব্যাপারে তারা অত্যন্ত সজাগ। তারা যেখানে যখন খবর পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী, ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনে কোনো সমস্যা নেই। এটি একটি গণতান্ত্রিক দেশ, এখানে স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে তেমনি নির্বাচনে অংশগ্রহণ না করার অধিকারও আছে। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায় সেটা তাদের ইচ্ছা এবং রাজনৈতিক কৌশল হিসেবে কারা অংশগ্রহণ না করতে পারেন। একই সঙ্গে তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারেন সেটাও কোনো সমস্যা না। সেটাও শান্তিপূর্ণভাবে করতে হবে। কোনো নাশকতা বা উস্কানি দেওয়া, বিশৃঙ্খলা করা যাবে না।

ইসি আলমগীর বলেন, বিশৃঙ্খলা করা নিয়ে আরপিও অনুযায়ী এবং আচরণবিধি অনুযায়ী এটি যেহেতু অপরাধ সে অনুযায়ী আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। অপরাধমূলক কাজের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, আরও কঠোরভাবে দেখা হবে বিষয়গুলো।

Link copied!