ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
ঐতিহাসিক ৭ মার্চের ইতিহাস কখনও মুছে ফেলা যায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু আমাদের নয়, এটি বিশ্ব ঐতিহ্য।’
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুতই করেনি, বিজয়ও এনে দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মার্শাল ল’র মধ্যেও নির্বাচন দেওয়ার ওয়াদা করেছিলেন ইয়াহিয়া খান। ওয়াদার মধ্যেও কিছু শর্ত ছিল। আমাদের দেশের অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি এ নির্বাচনে বিরোধিতা করেছিল। সেই শর্ত মেনেই বঙ্গবন্ধু শেখ মুজিব নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার (বঙ্গবন্ধু) কথা ছিল, কে এ দেশের নেতৃত্ব দেবে এটি আগে জনগণই ঠিক করুক।’