আগস্ট ২৬, ২০২৩, ০৮:২২ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দিবে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরীব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে।
তিনি আজ বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কোন বিকল্প নেই। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর চেয়ে যোগ্য কোন প্রার্থী আছে তা সব দলের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকটের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব দলের কাছে প্রশ্ন রাখেন শেখ হাসিনার চেয়ে যোগ্য নেতা কে আছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারে?
বিএনপি নেতৃত্ব সংকটে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কাকে নেতা বানাবে? খালেদা জিয়া, তারেক রহমান দুজনেই দন্ডিত। নির্বাচনে কে নেতা হবে দলের? হাওয়া নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতা কে? ভুয়া, এক দফা ভুয়া।
জনগন শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক, সংসদের বিলুপ্তি চায় না। ওরা (বিএনপি) কেন চায়?
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। বলে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের কোন ক্ষতি হবে না। কি সুন্দর কথা! আওয়ামী লীগকে নিশ্চহ্ণ করে দিয়েছে। বাকীদের এক রাতেই শেষ করে দিবে। এটা তাদের ভিতরের কথা। বিএনপির তিন গুন- সন্ত্রাস, দুর্ণীতি আর মানুষ খুন। এখন আবার নিজেদের দোষ অপরের ওপর চাপায়। এটা তাদের নতুন কূটকৌশল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধ, গনতন্ত্রকে গিলে খাবে। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে এটা তাদের ধান্দা।
বলেন, নির্বাচনে শেখ হাসিনা হারলে আপনি হেরে যাবেন, বাংলাদেশ, গরীব মানুষ, মুক্তিযুদ্ধ হেরে যাবে। গরীব মানুষকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টু সহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা ৭৫ এর মতো ষড়যন্ত্র এখনো চলছে জানিয়ে তা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দেন।
পরে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।