নিষেধাজ্ঞা অমান্য করেই আতশবাজি-ফানুসে নতুন বছরকে নিমন্ত্রণ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৪, ০৩:২০ এএম

নিষেধাজ্ঞা অমান্য করেই আতশবাজি-ফানুসে নতুন বছরকে নিমন্ত্রণ

ছবি: ডেইলি স্টার

বছরের শেষ রাতে আতশবাজি-ফানুস ওড়ানোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানী আকাশ জুড়ে দেখা গেল আলোর ঝলকানি। নতুন বছরকে নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বরণ করে নিলো দেশ। এমনকি ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবরও পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ক্ষমতাবলে থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দেন। এর মধ্যে ছিল অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল নিষিদ্ধ।

কিন্তু রাতের অন্ধকার হারিয়ে গেছে উচ্ছ্বাসে। আকাশে জ্বলতে দেখা যায় রঙিন বর্ণিল আলো। কেউ উড়িয়েছেন ফানুস, কেউবা আতশবাজি। পুরাতনের গ্লানি ভুলে ২০২৪ ইংরেজি নতুন বছর বরণ করে নিতে এই আয়োজন চলে রাজধানীজুড়ে।

থার্টি-ফাস্ট নাইট ঘিরে এদিন রাজধানীর ছাদগুলো হয়ে ওঠে মানুষের উচ্ছ্বাস ও আনন্দের জায়গা। ফানুস আর আতশবাজির আলোয় বর্ণিল হয়ে ওঠে আকাশ। গানের তালে তালে নেচে-গেয়ে দিনটি বরণ করেন রাজধানীবাসী। সবার প্রত্যাশা, নতুন বছরে পৃথিবীতে ফিরে আসুক শান্তি, বন্ধ হোক যুদ্ধ।

এদিন থার্টি ফার্স্ট ঘিরে আগে থেকেই রাজধানীজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টহল পুলিশসহ প্রস্তুত রাখা হয় ডগ স্কোয়াডও।

এদিন মানুষের নিরাপত্তা বিঘ্ন করতে পারে এমন কাজ থেকে বিরত থাকতেও আহ্বান জানায় পুলিশ।

Link copied!