স্ত্রীকে ইঞ্জিনিয়ার তৌফিক

‘হয়তো আর যোগাযোগ হবে না’

জাতীয় ডেস্ক

মার্চ ১৩, ২০২৪, ০৯:৪৫ এএম

‘হয়তো আর যোগাযোগ হবে না’

ছবি: সংগৃহীত

‘আমাদের সোমালিয়ায় নিয়ে যাচ্ছে (জলদস্যুরা)। হয়তো আর দেখা হবে না।’ প্রাণশঙ্কায় সর্বশেষ মা ও স্ত্রীর সঙ্গে ফোনালাপে এমনটাই জানিয়েছেন ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম।

জানা গেছে, ওই নাবিকের পরিবারে রয়েছেন বাবা ইকবাল হোসেন, মা দিল আফরোজ ও স্ত্রী জোবায়দা নোমান। তার দুই সন্তান তাসফিয়া তাহসিনা (৭) ও আহমেদ রুসাফি (৫)।

ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের স্ত্রী জোবায়দা নোমান বলেন, ‘বিকেল পাঁচটার দিকে কথা হয়েছিল। তিনি ফোনে বলেছেন, দোয়া করো। আমাদের সোমালিয়ায় নিয়ে যাচ্ছে, হয়তো আর যোগাযোগ হবে না। কী হবে কিছুই তো আসলে জানি না। এটাই শেষ কথা। এরপরে আর কথা হয়নি।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে ইফতেখার স্যার ফোন করে পরিবার থেকে লোক পাঠাতে বলেছিলেন। আমার মেজ ভাসুর এবং আমার ভাই দুজন চট্টগ্রাম গেছেন। আমাদের দাবি একটাই সবকিছুর বিনিময়ে হলেও সে আমাদের মাঝে ফিরে আসুক। তার সহকর্মীরাও আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসুক।’

ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের মা দিল আফরোজ বলেন, ‘ছেলের সঙ্গে কথা হয়েছে। বললো আম্মা আমি ভালো আছি, চিন্তা করো না। আমি বললাম চিন্তা তো লাগেই। কী করব যে অবস্থায় তোমরা আছো, বন্দি অবস্থায়। টেনশন তো হয়। এই বলতে বলতেই আর কথা নেই। মনে হলো মোবাইল ফোনটা কেড়ে নিলো। এই শেষ কথা হয়েছে আমার সঙ্গে।’

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে দস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে নেয় সোমালীয় দস্যুরা। এদিন বিকেলে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার খবর আসে।

জাহাজটিতে মোট ২৩ জন নাবিক রয়েছেন। তারা হলেন- জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ,  ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মো. আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন ও মো. সালেহ আহমদ।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেল থেকে তাদের কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর আগে নাবিকরা তাদের পরিবারের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একাধিক ক্ষুদেবার্তা পাঠিয়েছেন। যেখানে তারা দস্যুর কবলে পড়ার খবর দিয়ে দোয়া কামনা করেন।

Link copied!