সন্ত্রাসী দলের সাথে কোনো সংলাপ নয় : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২, ২০২৩, ১১:৫০ এএম

সন্ত্রাসী দলের সাথে কোনো সংলাপ নয় : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল তারা তা প্রমাণ করেছে। আর এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবং আমিও বলছি বিএনপি এরইমধ্যে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে। এমন একটি সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।

তিনি আরোও বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে হত্যা এই দুটি ঘটনার মধ্য দিয়ে বিএনপি নিজেরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। পুলিশের সঙ্গে তারাই হট্টগোল করে তাদের আন্দোলন তারাই পন্ড করেছে, আমাদের কিছু করার নেই। এতো কিছুর পরে বিএনপির সঙ্গে আর জনমত থাকার কথা নয়।

জাতিসংঘের বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আসল দায়িত্ব তারা তো পালন করতে পারছে না। সুদান ও গাজায় কী হচ্ছে? জাতিসংঘের বাস্তব কোনো কার্যকারিতা নেই। জাতিসংঘের বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় নেই বলেও জানান তিনি।  

নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জানুয়ারির ২৪ তারিখে আমাদের টার্ম শেষ হবে সংবিধান অনুযায়ী তার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষ করতে হবে।

অন্য কোনো দেশের কথা শুনে পরামর্শ নেওয়া হবে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিদেশিরা তো আমাদের পরামর্শ নেয় না তাহলে আমরা কেন নিব? উই হ্যাভ এ কনস্টিটিউশন। নির্বাচনের শিডিউল ঘোষণা করবে ইসি এটা সরকারের বিষয় নয়।

এটা একটি স্বাধীন নির্বাচন মন্তব্য করে কাদের বলেন, এ সময়ে সরকার রুটিন ওয়ার্ক করবে কেবল। সরকারের মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা ব্যবহার করতে পারবেন না।

Link copied!