ছবি: সংগৃহীত
শরীকদের কাউকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দিবে না আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে হবে। শরিকদের জন্য ৭ আসনের বেশি ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
শরীকদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শরিক দলের যত নেতা আছেন, তাঁদের সবার এবার নির্বাচন করার সুযোগ আছে। তাঁরা যার যার প্রতীক নিয়ে নির্বাচন অংশ নিতে পারবেন। কারও ব্যাপারে কোনো বাধা নেই। জাতীয় পার্টি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। ১৪ দলের কাউকে কাউকে নৌকা মার্কা দেওয়া হবে।
তিনি আরও বলেন, “এরই মধ্যে আমি ১৪ দলের সমন্বয়ককে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। নির্বাচন তারা সবাই করুক, তাদের দলের প্রতীক নিয়ে। সাতটা নির্বাচন এলাকায় আমরা নৌকা ছাড় দিতে পারব।”
স্বতন্ত্র প্রার্থীকে ছাড় না দেওয়ার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলীয় প্রার্থীরাও স্বতন্ত্র প্রার্থীর সাথে সমঝোতা করে নির্বাচন করবেন না। প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। স্বতন্ত্র নির্বাচনে জিতলে জিতবে। আমরা জোর করে কারও বিজয় ছিনিয়ে আনব না।’
কাউকে বিজয়ের গ্যারান্টি না দেওয়া নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমারও বিজয়ের গ্যারান্টি নেই। আমাকেও চারজনের সাথে লড়াই করতে হবে। যদি তাদের মধ্যে কেউ জিতে যায়, আমাদের মানতে হবে। এখানে হার-জিতের প্রশ্ন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, দেশে ভালো নির্বাচনের রেকর্ড হবে, কোন পক্ষপাতিত্ব থাকবে না। কিন্তু বিএনপি এই নির্বাচন বানচালে অস্ত্র যোগাড় করছে।
প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সহদপ্তর সম্পাদক সায়েম হকসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।