ঠিকানা সংশোধন করে তারেক রহমানকে রুলের নোটিশ পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৩, ০৬:১৬ পিএম

ঠিকানা সংশোধন করে তারেক রহমানকে রুলের নোটিশ পাঠানোর নির্দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞায় জারি করা রুলের নোটিশ ঠিকানা সংশোধন করে পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৩ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ৮ আগস্ট আওয়ামীপন্থী আইনজীবীরা অনলাইনসহ সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির জন্য দিন ঠিক করতে আবেদন করেন। এ সময় আদালত জানতে চান, তারেক রহমানকে নোটিশ দেওয়া হয়নি, তাহলে কীভাবে শুনানি হবে। তখন রিটকারীরা বলেন, তাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। পরে গত ১০ আগস্ট তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নতুন করে আবেদন করতে বলেন হাইকোর্ট। রিটকারি ঠিকানা সংশোধনের আবেদন করলে আদালত আজ এ আদেশ দেন।

এর আগে, ২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে রিট আবেদন করেন আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা। এরপর তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

Link copied!