নভেম্বর ২৭, ২০২৩, ০১:৩২ পিএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকার কাণ্ডারী মনোনীত হওয়ার পর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে চিত্রনায়ক ফেরদৌস।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রব্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী মাঠে নামলেন তিনি।
চিত্রনায়ক রিয়াজ, তারিন, অঞ্জনাসহ বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তিনি বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তায়ালার প্রতি এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে ভরসা করে ঢাকা-১০ আসনের দায়িত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে হাতে হাত রেখে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস ঢাকা-১০ আসনের সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিত্রনায়ক ফেরদৌস বলেন, চলচ্চিত্রেও সময় দেব স্বাধীনতার সংগ্রাম ও দেশের কল্যাণের স্বার্থে যে সমস্ত চলচ্চিত্র তৈরি করা যায় সেগুলোর দিকে বেশি জোর দেব। মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা নিয়েই আগামীর পথ চলতে চাই।