মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো বৃষ্টির পানিতে, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৯:০৫ এএম

মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো বৃষ্টির পানিতে, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ/প্রতীকী ছবি

বৃহস্পতিবার টানা প্রায় ছয় ঘণ্টার ভারী বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কসহ অলিগলিতে সৃষ্ট জলাবদ্ধতায় যান চলাচল ব্যাহত হয়ে বিপদে পড়েছিলেন ঘরমুখো মানুষ। জলমগ্ন সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫) ও মেয়ে লিমা (৭)। এই দম্পতির ছয়মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, পরিবারটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ অনিক (২০) নামে আরেক তরুণের মৃত্যু হয়েছে। তারা সবাই ঝিলপাড় বস্তির বাসিন্দা।

ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষে যান চলাচল শুরু হলে সড়কে দেখা দেয় গাড়ির চাপ। এতে মধ্যরাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। বৃষ্টির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলেও জানা গেছে।

Link copied!