শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৪, ১০:২৫ এএম

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ফাইল ছবি

পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করে এবং পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বড় কোনো বিরোধী দল না থাকায় এ নির্বাচনের মূল লড়াই হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে অন্তত ২২৩টি আসনে জয় পেয়েছেন, আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬১টি আসনে।

৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ গ্রহণের একদিন পর ১১ জানুয়ারি শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা।

এই শপথের মধ্যে দিয়েই পঞ্চমবার ও টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলো আওয়ামী লীগ। আর পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Link copied!