বামে ঝুঁকি নিয়ে মই দিয়ে ডিভাইডার পার হচ্ছেন এক নারী, ডানে পুলিশের কাছে মইসহ আটক রবিউল হোসেন। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় টাকার বিনিময়ে মই ব্যবহারের মাধ্যমে ডিভাইডার টপকিয়ে রাস্তা পারাপারে সাহায্য করছিল এক যুবক। আজ রবিবার (১৭ মার্চ) দুপুর থেকে এই ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা আালোচনা-সমালোচনার পর স্থানীয় পুলিশ রবিউল হোসেন (২৬) নামের সেই যুবককে গ্রেপ্তার করেছে।
আটক রবিউল হোসেন চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বাসিন্দা। ১৫ দিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে তাঁর বোনের বাড়িতে বেড়াতে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ২১টি জেলার যানবাহন চলাচল করে। ব্যস্ততম এই মহাসড়কের দূর্ঘটনা এড়াতে বেশ উঁচু করে ডিভাইডার দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তবে জনসাধারণের রাস্তা পারাপারের জন্য সেই স্থানে রয়েছে দুইটি ফুটওভার ব্রীজ। এরপরও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে ডিভাইডার টপকিয়ে রাস্তা পার হওয়ার কারনে কাঁচুপর ব্রীজ থেকে কুয়েত প্লাজা পর্যন্ত বেশ উঁচু করে দেওয়া হয়েছে এই ডিভাইডার। এতে বিভিন্ন গন্তব্য থেকে আসা যাত্রী ও পথচারীদের একটু ঘুরে মহাসড়কে পার হতে হয়। তাদেও সুবিধার্থে কতিপয় লোক ৫-১০ টাকার বিনিময়ে ঝুঁকি নিয়ে পথচারীদের মই দিয়ে মহাসড়কের ডিভাইডার পারাপারের ব্যবস্থা করেছেন।
ভিডিওটি যেখানে ধারণ করা হয়েছে তার পাশেই সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। তার পাশেই রয়েছে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প।