সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৪, ০৭:৪৮ এএম

সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

সালাম মুর্শেদী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি। আগামী তিন মাসের মধ্যে এই সম্পত্তি সরকারকে বুঝিয়ে দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় দেন।

এর আগে গত বৃহস্পতিবার এই রিটের শুনানিতে আদালত মন্তব্য করেছিলেন, বাড়িটি পরিত্যক্ত সরকারি সম্পত্তি।

সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি বলে অভিযোগ তুলে ২০২২ সালের ৩০ অক্টোবর হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। একই বছরের ১ নভেম্বর সরকারি সম্পত্তি নিজের দাবি করার অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না–তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

২০২২ সালের ১৩ নভেম্বর ওই বাড়ি সম্পর্কিত নথি হাইকোর্টে দাখিল করা হয়। পরের বছরের ৩০ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই।

এ বছরের ফেব্রুয়ারি আদালতে দেওয়া দুদকের এক প্রতিবেদনে দাবি করা হয়, সালাম মুর্শেদী জালিয়াতি করে ওই সম্পত্তি দখল করেছেন।

Link copied!