ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগৃহীত
দেশে খাদ্যের কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী।
ভোক্তাদেরকে গুজবে কর্ণপাত করে একসঙ্গে বেশি চাল না কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে বাজেটে গম কেনার পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে সাতদিন আগে সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম কেনার প্রক্রিয়া শেষ হয়েছে।’
‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না’
খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে। ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা পায় কৃষক।’
ব্রিফিংয়ে কৃষকের ধান কেনার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘খাদ্য বান্ধব ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে। ওএমএস ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এর উদ্বোধন করা হবে।’
একই সময় মিল মালিকদের উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এক লাইসেন্সের বিপরীতে একাধিক গুদাম রাখা যাবেনা। ভিন্ন ভিন্ন নামের লাইসেন্স থাকলে গুদামগুলো সেভাবেই চিহ্নিত করে রাখতে হবে। সেটার হিসাবও আলাদা দেখাতে হবে।’