মারা গেছেন ‘বিশালতার উপমা’ গানের কণ্ঠশিল্পী খালিদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৪, ০৩:২৫ পিএম

মারা গেছেন ‘বিশালতার উপমা’ গানের কণ্ঠশিল্পী খালিদ

ছবি: সংগৃহীত

‘তুমি আকাশের বুকে বিশালতার উপমা’ জনপ্রিয় এই গানের  কণ্ঠশিল্পী খালিদ (৫৬) না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন।  
আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পান্থপথের কমফোর্ট হাসপাতালে নেওয়ার পথেই  মৃত্যুবরণ করেন তিনি। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বেশ কয়েক বছর ধরেই হৃদরোগে ভুগছিলেন খালিদ। একাধিকবার হৃদরোগের চিকিৎসাও নিয়েছেন তিনি। তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্টও বসানো ছিল।
শুধু ‘সরলতার প্রতিমা’-ই নয় ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘তুমি নেই তাই’-এর মতো বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। 
কিশোর, যুবক, তরুন ও আশি-নব্বই দশকের সংস্কৃতিমনা শ্রোতাদের মন জয় করা এই প্রখ্যাত শিল্পীর জন্ম গোপালগঞ্জে। আশি ও নব্বইয়ের দশকের তিনি তার সেরা সময় কাটিয়েছেন। ১৯৮১ সালে তিনি গানের জগতে প্রবেশ করেন। দর্শকদের মন জয় করার লক্ষ্যে ১৯৮৩ সালে তৎকালীন সময়ের অন্যতম ব্যান্ড ‘চাইম’ এর ভোকালিস্ট হিসেবেও দর্শকদের মুগ্ধতা কেড়েছেন। 

আজ রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে গোপালগঞ্জে নেওয়া হবে খালিদের মরাদেহ। গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানেই সমাহিত করা হবে  জনপ্রিয় এই শিল্পীকে।
 

Link copied!