ডিসেম্বর ২০, ২০২৩, ১০:২৮ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগৃহীত ছবি
বিএনপির ‘অসহযোগ আন্দোলনের’ ডাকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের জনগণ এ ধরনের ডাকে কোনোদিনই সাড়া দেয়নি।
বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যেহেতু অসহযোগ উনারাই চাচ্ছেন, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে, তাহলে কী হবে? তারা কি সেটা বুঝতে পারছেন যে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল না দিলে ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ যেগুলো অন্য গ্রাহকের জন্য করে থাকে তাদের জন্য সেগুলোই করবে; তাহলে কী হবে? সেটা নিয়েও তাদের চিন্তা করা উচিত।
তিনি বলেন, আপনারা দেখেছেন, ২৮ অক্টোবরের পর থেকে তারা ক্রমাগতভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে। বাসের ভেতরে অগ্নিদগ্ধ করে, হেলপারসহ পুড়িয়ে, তারপর এখন শুরু করেছি রেল লাইন উপড়ে ফেলে দেয়া। যাতে শত শত মানুষ...আল্লাহ তায়ালাই রক্ষা করেন; দুর্ঘটনার ভয় থেকে যেত, যায়। চারজন মানুষকে আপনারা দেখেছেন, চলন্ত গাড়িতে কীভাবে তারা পুড়িয়ে মেরেছে। এর আগেও গাজীপুর এলাকায় একটি ঘটনা ঘটিয়েছে। এই ধরনের নাশকতা তারা ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই, ২০১৪ ও ২০১৫ সালে ৯০ দিন ক্রমাগতভাবে তারা এসব করেছে। আগুন দিয়ে পুড়িয়েছে, সম্পদ ধ্বংস করেছে, জায়গায় জায়গায় রাস্তাঘাট কেটে দিয়েছে। এখন আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি কীভাবে সৃষ্টি করা যায় সে জন্য পাঁয়তারা করছে।