সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৭:২৩ পিএম
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত মহাসমাবেশে ওবায়দুল কাদের। ছবি : ফেসবুক থেকে নেয়া।
সরকার যদি অবৈধ হয় তাহলে খালেদা জিয়ার জন্য বিএনপি কেনো বারবার আবেদন করে? কেন খালেদা জিয়ার চিকিৎসা, সমাবেশ করার অনুমতি নিতে হয়?
শনিবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত মহাসমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি দেশবিরোধী দল আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশের স্থিতিশীলতা চায় না বিএনপির হাতে দেশ ও গণতন্ত্র নিরাপদ নয়। বিএনপি চায় দেশের মধ্যে অস্থিতিশীল করে ফায়দা নিতে, অনুমতি না নিয়ে কর্মসূচি করলে বিএনপি পালাবার পথ পাবে না।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ৪৮ ঘন্টার আল্টিমেটামের কী হলো? বিএনপির ৪৮ ঘণ্টা আন্দোলনসহ সবকিছুই ভুয়া। দলটির রাজনীতির কবরস্থানে যাওয়ার সময় হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সামনে নির্বাচন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে, সময় খুব কম, মাঠ ছাড়া যাবে না। যারা সন্ত্রাস করবে তাদের কঠোর ভাবে প্রতিহত করা হবে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কোনো আপোষ নয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে নিহত কৃষকদের স্মরণে আয়োজিত মহাসমাবেশে যোগ দেন সারাদেশের কৃষকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেনসহ প্রমূখ।