জুন ১৮, ২০২৩, ০৩:২১ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন।
রবিবার (১৮ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএমটিসিএল আয়োজিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এর পরিচালনা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ বছরই নির্বাচনের আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও পর্যন্ত কাজ শেষ হবে। পরের ধাপে সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার সঙ্গে যে জটিলতা আছে, তা মিটিয়ে কাজ এগিয়ে নেয়া হবে।
মেট্রোরেলে পোস্টার সাঁটানোকে রুচির দুর্ভিক্ষ বলে অভিহিত করেন ওবায়দুল কাদের। যারা এ কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো বিষয়ে সড়কমন্ত্রী বলেন, মেট্রোরেলের পিলারগুলো শুরুতে যেভাবে আক্রান্ত হচ্ছিল আমরা ভয় পেয়ে যাচ্ছি। এইটুকু সৌন্দর্যটি আমাদের থাকবে না। রুচিবোধের এতই কি ঘাটতি বাংলাদেশে! যে দেশ আজকে সারা বিশ্বের বিস্ময়, সেই দেশের এত রুচির দারিদ্র কেন। এখানে জরিমানা করে হলেও পোস্টটা লাগানো বন্ধ করতে হবে। এই মেট্রোরেল সারা জাতির সম্পদ। এই সম্পদ রক্ষা করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকবেন না।
ওবায়দুল কাদের বলেন, আমি মন্ত্রী আমার প্রটেকশন গাড়িতে কোন হুটারের আওয়াজ শোনবেন না। আমি এটা বন্ধ করে দিয়েছি। আমি হুটার চালাই না। হাসপাতালে সামনে দিয়ে গাড়িগুলো যেভাবে হর্ন বাজিয়ে থাকে, এটা যেন না হয় এটা বন্ধ করতে হবে। আমি দুই মেয়রের উপস্থিতিতেই কথাগুলো বলছি।
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবায়দুল কাদের বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশকেও গুরুত্ব দিচ্ছে।
সব জায়গায় ধূমপান ঠেকাতে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রকে আহ্বান জানান ওবায়দুল কাদের।