অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন সিয়াম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৩, ১০:৪৭ পিএম

অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন সিয়াম

বাংলাদেশ মিশনগুলোর মহাপরিদর্শক হিসেবে কর্মরত আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ার নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

ফেসবুক পেজ বার্তায় বলা হয়, ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশ মিশনগুলোর মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করা সিয়াম ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রণালয়ে চিফ অব প্রটোকলের দায়িত্ব পালনের আগে ইউরোপ উইংয়ের মহাপরিচালক ছিলেন। ফিলিপাইন এবং পালাউয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতও ছিলেন সিয়াম।

সিয়াম এর আগে, ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাকার্তা ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক সিয়াম নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।  সিয়াম বিবাহিত এক সন্তানের জনক।

Link copied!