আশঙ্কা সত্যি, বিএনপির ১ দফা হল অগ্নিসংযোগ: কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৩, ০৫:১০ পিএম

আশঙ্কা সত্যি, বিএনপির ১ দফা হল অগ্নিসংযোগ: কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

‘আমরা যা আশঙ্কা করেছিলাম তা ই সত্যি। বিএনপির আন্দোলনের ১ দফা হল অগ্নিসংযোগ’ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীন দলটির বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনসমূহের যৌথসভায় এ কথা বলেন তিনি।

সভায় রবিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশব্যাপী তৃণমূল পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালনের ঘোষণা দেয়া হয়।

কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আগামীকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হবে। আগামীকাল সারা দিন এ কর্মসূচি থাকবে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

ওবায়দুল কাদের বলেন, ‘সবাই বলে আমরা তাদের দেখাদেখি কর্মসূচি দিই। আমাদের কর্মসূচি বিএনপিরটা দেখে করব না। নির্বাচন পর্যন্ত থাকব। গতকাল শুক্রবার এক কিলোমিটারের মধ্যে করেছি, কোনো ঘটনা ঘটেনি। তার কারণ আমরা সংঘাত করতে সভা–সমাবেশ করিনি। সংঘাতের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তার ছিলাম, আছি এবং থাকব।’

ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রধান বাঁধা বিএনপি। তারা অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। তারা মাতুয়াইলে চারটা বাসে আগুন দেয়। পুলিশ ভ্যানে হামলা করে ভাঙচুর চালায়। প্রাইভেট কার, মোটরসাইকেল ভাঙচুর করে। রাজধানীতে সাতটি বাসে হামলা ও অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই বিএনপির অগ্নিসন্ত্রাস আবারও শুরু হয়ে গেছে। ২০১৩–১৪ সালের মতো আওয়ামী লীগের নেতা–কর্মীরা চুপ থাকতে পারেন না। আমরা আমাদের দায়িত্ব পালন করব। বিএনপি বলে তাদের ওপর হামলা হচ্ছে, ঢাকা শহরের ঢোকার রাস্তা বন্ধ করে দেবে? এটা কি তার বাপ-দাদার সম্পত্তি? আদালতের আদেশ প্রতি মুহূর্তে তারেক জিয়া লঙ্ঘন করছে তাঁর বক্তব্য প্রচার করে। বিদেশি বন্ধুদের বলছি আমরা সুষ্ঠ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Link copied!