জুলাই ১৬, ২০২৩, ১১:১৯ এএম
ছবি: বিটিভি
বাংলাদেশের জনগণ শিক্ষিত হোক তা বিএনপি-জামায়াত জোট সরকার চায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার(১৬ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ সম্মিলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরকারপ্রধান বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার চায়নি এদেশের মানুষ শিক্ষিত হোক। একারণে শিক্ষাখাতে নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রকল্পগুলো বিএনপি-জামায়াত জোট সরকার বন্ধ করে দেয়।
শিক্ষাঙ্গনের পরিবেশ সুন্দর রাখার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, ২০০৮ সালের আগে বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানী ও বোমাবাজি ছিল। বর্তমানে সেই পরিস্থিতি আজ আর নেই। আওয়ামী লীগ সুস্থ পরিবেশ ফিরিয়ে এনেছে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশেষ চাহিদা-সম্পন্ন ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে দেশের ২২৫৭টি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।