গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ মে) সকালে তাঁকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কাতার স্থানীয় সময় রাত ১০টা ২৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সফরকালে শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগদান ছাড়াও আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে সাক্ষাৎ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সাথে বৈঠক করেন।
এছাড়া কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ এবং সৌদির অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী ফয়সাল আলিব্রাহিম একসঙ্গে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।