আগামী দুদিনের মধ্যে রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ।
শুক্রবার (৭ জুলাই) বিকালে জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামে এক ব্যক্তি সংস্থাটির সদস্যসচিব নুরুল হক নূর বরাবর এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি (গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বেশ কিছুদিন ধরে গণ অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হককে ঘিরে দলটিতে অস্থিরতা চলছে। নুরুল হক ও তাঁর সমর্থকেরা ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। গণ অধিকার পরিষদের কার্যালয়ে দলের প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নুরুল হক ও তাঁর সমর্থকদের তৎপরতাকে অবৈধ বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, রেজা কিবরিয়াই দলের আহ্বায়ক হিসেবে বহাল আছেন। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান।
সংবাদ সম্মেলনে মিয়া মশিউজ্জামান বলেন, ‘গণ অধিকার পরিষদের যে অফিস ভবন আছে, সেটির মালিক আমি। অফিসটি গণ অধিকার পরিষদকে আমি দিয়েছি ব্যবহার করতে। এটির কোনো ভাড়ার লেনদেন হয় না। আমার মাসিক অনুদান হিসেবে দেখানো হয়।’