গুজবে কান দেবেন না, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অবশ্যই করব: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২৩, ০৮:৩৯ পিএম

গুজবে কান দেবেন না, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অবশ্যই করব: পররাষ্ট্রমন্ত্রী

দেশের জনগণের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘গুজবে কান দেবেন না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অবশ্যই করব। গত কয়েকটি নির্বাচনে তার প্রমাণ দিয়েছি। এগুলোর প্রত্যেকটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত হয়েছে।’

রবিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জনগণের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুচক্রী মহল, যারা দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, তাদের আপনারা (জনগণ) রুখে দাঁড়াবেন। আপনারা বারবার প্রমাণ করেছেন, কোনো বিদেশি শক্তির কাছে আপনারা পরাজিত হননি।’

গত সাড়ে ১৪ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, তা ধরে রাখতে রাষ্ট্রীয় ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি হলে দেশের অর্জন ভেস্তে যাবে। দেশে অরাজকতার সৃষ্টি হবে।

বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারের আয় এবং আয়করদাতা বাড়ানোর জন্য দুটি প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর প্রস্তাব হলো, যেসব বাংলাদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে, তাঁরা সবাই আয়কর রিটার্ন দাখিল করবেন। আর ২৫ হাজার টাকার বেশি লেনদেন হলে তা যেন ব্যাংক বা চেকের মাধ্যমে করা হয়। তাহলে সরকারের হিসাব থাকে।

Link copied!