চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও চলবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২৩, ০৭:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও চলবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

চাঁপাইনবাবগঞ্জ থেকে মে মাসের শেষ সপ্তাহে আম নিয়ে ছুটবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। বৃহস্পতিবার (১১ মে) সকালে মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কর্মাশিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস।

‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেন চালুর বিষয়ে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রেলের বাণিজ্যিক বিভাগের কর্মকর্তারা। সভায় আমচাষি ও বাগানমালিকেরা বলেন, প্রতিবারই কিছুটা দেরিতে চালু হয় এ ট্রেন। ফলে পুরোপুরি সুফল মেলে না। এ অবস্থায় ওই মৌসুমে শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ‘ম্যাঙ্গো স্পেশাল’ ট্রেন চালুর দাবি জানান তাঁরা।

সুজিত কুমার বিশ্বাস বলেন, সকলের মতামত নেয়ার জন্যই এখানে এসেছিলাম। আমচাষী ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর দিন তারিখ নির্ধারণ করা হবে। তবে অবশ্যই স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনার নিয়েই ট্রেন চালু করা হবে।

তিনি আরও বলেন, গত বছর ম্যাংগো স্পেশাল ট্রেনে কেজি প্রতি আম পাঠাতে খরচ হয়েছে এক টাকা ৩১ পয়সা। আশা করছি এবারও তাই থাকবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ম্যাংগো স্পেশাল ট্রেনে কোচ সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও জনসাধারণকে ম্যাংগো স্পেশাল ট্রেনে আমপরিবহনের জন্য বাজারে বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে।

সভায় চাঁপাইনবাবগঞ্জে থেকে করোনায় বন্ধ হওয়া সকল ট্রেন চালুর দাবি জানান জেলার গণমাধ্যমকর্মীরা।
সভায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!