‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৪, ২০২৩, ০১:৩৫ পিএম

‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামে একটি নতুন আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৪ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ ট্রেনের চলাচল উদ্বোধন করেন তিনি।

আধুনিক সুযোগ-সুবিধাসহ ৮০০ জন যাত্রী বহন ক্ষমতাসম্পন্ন নতুন চিলাহাটি এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।

হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্য বোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে আন্তদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করছে।

নীলফামারীর চিলাহাটি থেকে অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং গণভবন থেকে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর।

সূত্র: বাসস

Link copied!