ছবি: ফোকাস বাংলা
রাজনীতি করলে কাউকে বাধা দেওয়া হবে না, তবে রাজনীতির নামে সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২০ জুলাই) আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।
বিএনপি সন্ত্রাস ছাড়া আর কিছুই বোঝে না-উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ভোট পায়নি বলে দেশের মানুষকে নির্বাচনের আগে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। এদের হাত থেকে দেশবাসী রক্ষা পাক, সেটাই আমরা চাই।”
এসময় তিনি আরও বলেন, “আমরা তাদের(বিএপি) রাজনীতিতে বাধা দিচ্ছি না। তবে, রেল ও মানুষের কোনো ক্ষতি করলে আমরা ব্যবস্থা নেব। সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা থাকবে। একেবারে ছেঁকে ছেঁকে ধরে তাদের শাস্তি দেওয়া হবে।”
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও সফররত ইইউ প্রতিনিধি দলের প্রতি ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, “যে যত পরামর্শ দিক, দেশটা আমাদের। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আমাদেরই করতে হবে। সেই চিন্তা থেকে আমি দেশ চালাই। কবে কে কী পরামর্শ দিয়েছে সেটা নয়, মানুষের উন্নতি ও সমৃদ্ধির কথা চিন্তা করে আমরা পদক্ষেপ নিই।”
এসময় তিনি আরও বলেন, “আমার দেশ, আমার চিন্তা। আমার দেশের মানুষের কীসে মঙ্গল সেটা আমরাই ভালো বুঝি।”