চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনা দেখতে যেয়ে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে রূপসী ঝরনার কূপ থেকে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত দুই পর্যটক হলেন- চট্টগ্রাম শহরের ফিরোজ শাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে নুরুল আবছার (১৬) ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)। আবছার স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও আরিফ ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন বলে মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে।
আবছার ও আরিফের বন্ধু মোহাম্মদ আরমান গণমাধ্যমকে জানান, “রবিবার সকালে আমরা ৯ বন্ধু চট্টগ্রাম শহর থেকে বড়কমলদহ রূপসী ঝরনা দেখতে আসি। সবাই মিলে ঝরনার ওপরে উঠেছি। ঝরনা থেকে নামার সময় বেলা সাড়ে ৩টায় আবছার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিষয়টি টিকিট কাউন্টারে জানানোর পর তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।”
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, “রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।” সাঁতার না জানার কারণে ঝরনা থেকে কূপের পানিতে ডুবে তারা মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঝরণার কূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।