ডেঙ্গুর উদ্বেগ নিয়েই খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৩, ১০:০২ এএম

ডেঙ্গুর উদ্বেগ নিয়েই খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার (৯ জুলাই) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ডেঙ্গুর প্রকোপের মধ্যেও রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সকাল থেকেই নিয়মিত ক্লাস শুরু হলো।

শিক্ষকরা জানান, রাজধানীসহ সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু আক্রান্ত হয়ে এরই মধ্যে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী মারা গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়গুলো নিয়ে তারা সচেতন আছেন।

এদিকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক স্তরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই দুটি তদারকি প্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আলাদাভাবে তাগিদ দিয়েছে এবং তা সরাসরি দেখতে ভিজিলিং টিম গঠন করা হয়েছে।

ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মানতে হবে যেসব নির্দেশনা

প্রাশসন শাখার উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-

১. খেলার মাঠ ও ভবন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

বিজ্ঞাপন

২ মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

৩. শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন।

আদেশে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন ও হচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনগুলোর মাঝে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। তাই ডেঙ্গুর বিস্তার রোধে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর ও খোলার পর এসব ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

Link copied!