জুলাই ৪, ২০২৩, ০৪:০২ পিএম
আসছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষ না থাকলে নাকে খত দিয়ে চলে যাবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জনগণের উপর, প্রিজাইডিং কর্মকর্তা আর পোলিং অফিসারের উপরে ভোট নির্ভর করে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “ আমাদের কাজ হলো কেন্দ্রের পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিবেচনা করব- কোথায় ঝুঁকি বেশি, কোথায় ঝুঁকি কম। সে অনুযায়ী ফোর্স মোতায়েন করা হবে।”
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোতায়েনের জন্য যথেষ্ট ফোর্স রয়েছে উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, “ইসির চাহিদা মোতাবেক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয়, সব ব্যবস্থা নেওয়া হবে। আমি একশ ভাগ গ্যারান্টি দিলাম।”
এসময় তিনি আরও বলেন, “১৭ জুলাইয়ের নির্বাচন দেখেন, আমাদের নিরপেক্ষতার প্রমাণ পান কি না। যদি না পান তখন বলবেন। আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।”
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।