ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভাসমান অবৈধ দোকানগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সিটি কর্পোরেশনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, দুই মাস যাবত তাদের বারবার অবহিত করার পরও তারা ফুটপাতের দোকান গুলো স্থানান্তর করেনি। গত রবিবার মাইকিং করা হয়েছিলো উচ্ছেদ অভিযান পরিচালনা সম্পর্কে। তাই আজ এই ব্যাবস্থা নেয়া হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মাইকিং করে সন্ধ্যা ৬টার মধ্যে মালামাল সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।

এসময় ক্ষতিগ্রস্ত দোকানী মিল্লাত হোসেন দ্যা রিপোর্ট ডট লাইভে কে জানান, “পরশু (রবিবার) মাইকিং করছে কিন্তু আজকে ভাঙবে জানতাম না। আধাঘন্টা সময় চেয়েছিলাম, দেয়নি। ১০ মিনিট সময়ের জন্য পায়ে ধরেছি তারা কোনো কথাই শোনেনি। সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমাদের সাথে অন্যায় করা হয়েছে।”
মাটির ফুলদানির দোকানের কর্মচারী মো. হৃদয় দ্যা রিপোর্ট ডট লাইভে জানান, “মাইকিং করছে। আইজ হঠাৎ আইসা ভাইংগা দিবো বুঝতে পারিনি। মাটির জিনিস কিছু সরাইছি কিছু ভেঙে দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকান ভাঙার সময় দোকানীরা তাদের মালামাল রাস্তার এক পাশে স্তুপ করে রাখছেন। অপরদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।