ঈদকে সামনে রেখে প্রতিবছর রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এবার ঈদুল আজহা উপলক্ষে দুই দিনে রাজধানী ছেড়েছেন ৫০ লাখ ৫০ হাজার সিম ব্যবহারকারী।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ঈদের ছুটিতে গত দুই দিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৫০ হাজার মোবাইল সিম ব্যবহারকারী মানুষ ঢাকা ছেড়েছেন।
মোস্তাফা জব্বার জানান, ২৮ জুন বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ ৫ হাজার সিম ব্যবহারকারী।
তিনি আরও জানান, শেষ দুই দিনে ঢাকায় প্রবেশ করেছেন ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী।
তবে, একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এছাড়া, শিশুসহ এমন অনেকেই ঢাকা ছেড়েছেন, যারা কোনো মোবাইল সিম ব্যবহার করেন না। এজন্য সংখ্যাটি ঈদযাত্রার প্রকৃত সংখ্যা নয় বলে মনে করেন মোস্তাফা জব্বার।