ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের পল্টন মডেল থানা। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র-শস্ত্রসহ, পিকআপ ও লুণ্ঠিত টাকা এবং ৪টি স্মার্ট মোবাইল, ৩টি বাটন মোবাইল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।
সম্মেলনে বলা হয়, ১৬ মে দিবাগত রাতে মহাখালী হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম- সোহেল আক্তার (৩০), সোহরাব (৩২), আবির হোসেন রাসেল (২৫) ও মো. রনি (২৮)।

সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ১৫ মে রাত ৩টা ৪৫ মিনিটে ঢাকার মালিবাগ স্পেশাল ব্রাঞ্চে কর্মরত নারী কনস্টেবল নার্গিস আক্তার (৩৩) রিকশাযোগে ভিভিআইপি ডিউটির উদ্দেশ্যে অফিস যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন রাজারবাগ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের পৌঁছামাত্র পিছন হতে আসা একটি হলুদ ও নীল রংয়ের পিকআপ গাড়ি তাঁর রিকশাকে চাপ দেয়। গাড়ি থেকে দুই জন অজ্ঞাতনামা লোক নেমে একজন তাঁর হাত ধরে এবং অপর জন গলায় চাকু ধরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাঁর গলায় থাকা ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের একটি চেইন এবং হাতে থাকা ছোট ভ্যানেটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগের ভিতরে ৫ হাজার টাকা, একটি শাওমি নোট ৮ মোবাইল ফোন, একটি বাটন স্যামসাং মোবাইল ফোন, এসবির আইডি কার্ড জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পিকআপ গাড়িটি দ্রুত ডান দিকে মোড় নিয়ে শাহজাহানপুরের দিকে চলে যায়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে পল্টন মডেল থানা মামলা রুজু করা হয়।
এরই প্রেক্ষিতে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিঝিল জোন) মো. রওশানুল হক সৈকতের নেতৃত্বে পল্টন মডেল থানা একটি বিশেষ টিম ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহাখালী থেকে ঘটনায় জড়িত থাকা চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পিকআপ গাড়িটি গত ৫-৬ দিন পূর্বে ছিনতাই করে নিজেদের দখলে নিয়েছে। উক্ত ছিনতাইকৃত পিকআপ ভ্যান গাড়ি নিয়ে তারা গত ৫/৬ দিন ধরে রাতের বেলায় চলাচলরত পথচারী/রিকশার যাত্রীদের সুবিধাজনক স্থানে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছে। তাঁরা আরও জানায় যে, গত ১২ মে তারিখ মোহাম্মদপুর থানা এলাকায় একটি এবং গত ১৩ মে তেজগাঁও ও বনানী থানা এলাকায় অনুরূপ দুটি ডাকাতির ঘটনা সংঘটিত করেছে।