সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমো ভউল। সংগৃহীত ছবি
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী রাজনৈতিক দলের রাজনীতি এখন সহিংসতার দিকে গড়িয়েছে। গত শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সংঘর্ষে অনেকেই আহত হন। এমন প্রেক্ষাপটে বাংলাদেশর বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও কথা বলেছেন সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমো ভউল।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এক টুইটার পোস্টে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে তিনি সরকারের উদ্দেশে বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।

জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমো ভউল বলেন, “চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেপ্তারের মাত্রা বাড়ছে, এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
টুইটার বার্তায় তিনি বলেন, “আমি কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছি যে, তারা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার নিশ্চিত করবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি।”
বাংলাদেশের পতাকার একটি ছবি যুক্ত করে টুইটারে জাতিসংঘের বিশেষ এই র্যাপোর্টিয়ার এসব কথা বলেন।
গত বছরের ডিসেম্বরে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে দমন-পীড়ন এবং ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও প্রাণঘাতী শক্তি প্রয়োগ। তার আগে ২০২১ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে বিক্ষোভকারীদের দমন নিয়ে পৃথক বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার। আজকের টুইট শেয়ার করে ওই দুটি বিবৃতি যুক্ত করে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, টোগোতে জন্ম নেওয়া ক্লেমেন্ট নাইলেতসোসি ভউল একজন কূটনীতিক এবং আইনজ্ঞ হিসেবে পরিচিত। তিনি ২০১৮ সাল থেকে শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকারের বিষয়ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার হিসেবে কাজ করেছেন। এর আগে ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটসে আফ্রিকান অ্যাডভোকেসি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি।