জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, ‘লুকানোর কিছু নেই’: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৩, ০৩:৩৮ পিএম

জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, ‘লুকানোর কিছু নেই’: ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)এর প্রতিনিধি দলের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে। এবিষয়ে ‘লুকানোর কিছু নেই’। তবে নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো কথা হয়নি-এমনটিই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে সচিবালয়ে ওবায়দুল কাদেরের সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সৌজন্য সাক্ষাত শেষে  সাংবাদিকদের কে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ফলপ্রসু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, গণতন্ত্র আরও ম্যাচিউরড হোক।”

বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কোনো কথা হয়নি। এ ছাড়া বিএনপির কোনো ইস্যু নিয়েও কোনো কথা হয়নি। তবে সরকারের উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে কথা হয়েছে। তারা একটি সুন্দর নির্বাচন কামনা করেছে।”

অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ইইউ প্রতিনিধি দল বিএনপি বা কোনো দলকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আহ্বান করবে কি না সেটা তাদের নিজস্ব বিষয়।”

ইইউ প্রতিনিধি দলের সফর ও বৈঠক সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন ক্লোজলি মনিটরিং করবে। সরকার সবসময়ই নির্বাচনী পর্যবেক্ষকদের স্বাগত জানায়। ৪১ ভিয়েনা কনভেনশনের নীতিমালা অনুযায়ী কূটনীতিকরা দায়িত্ব পালন করবেন আমাদের কোনো আপত্তি নেই।”

এসময় তিনি আরিও বলেন, “ নির্বাচন নিয়ে অনেক কথা হয়। সেজন্য নির্বাচনে পর্যবেক্ষক থাকলে ভালো হয়। পর্যবেক্ষকরা সরেজমিনে নিজেরাই দেখবেন নির্বাচন কেমন হয়।”

আসছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশের নির্বাচন হবে। সরকার নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সহযোগিতা করবে।”

প্রসঙ্গত,আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের পর্যবেক্ষক পাঠানোর বাপারে পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের নির্বাচনি অনুসন্ধানী মিশন শনিবার ও রবিার ঢাকায় এসে পৌঁছায়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি নির্বা্চন কমিশনের আমন্ত্রণে ১৫দিনের বাংলাদেশ সফর শেষে আসছে ২৩ জুলাই ঢাকা ছেড়ে যাবেন। এর আগে, অনুসন্ধানী মিশন দলটি সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কর্মকর্তা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের বৈঠক করবেন।

Link copied!