জুন ৬, ২০২৩, ০৩:০৯ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবিচল।
সোমবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাস্টনিউজবিডির হোয়াইট হাউজ প্রতিবেদক মুশফিক বলেন, বাংলাদেশে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘন’ বন্ধে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি দিয়ে ছয় কংগ্রেসম্যান অনুরোধ করেছেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ওই চিঠিতে বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য সর্বোত্তম সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। আইনপ্রণেতাদের সাম্প্রতিক চিঠি নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?’
জবাবে অ্যাডমিরাল কিরবি বলেন, ‘দেখুন, আমরা আমাদের অবস্থানে অনড় রয়েছি এবং এই যোগাযাযোগের (চিঠি পাঠানো) বিষয়ে আমি অবগত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান অনড় আছে। সেই অবস্থান স্পষ্ট করতেই সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে।’
উল্লেখ্য, গত ১৭ মে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা এক চিঠিতে ৬ কংগ্রেসম্যান মানবাধিকার লংঘনের দায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন। বাংলাদেশের জনগণ যাতে অবাধ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় সেজন্য ব্যবস্থা গ্রহণের প্রয়োজন বলে তারা চিঠিতে উল্লেখ করেন। বাংলাদেশ সরকার তরফে প্রথমে চিঠিকে ‘ভুয়া’ বলে অবহিত করলেও পরে চিঠিটির বিষয়বস্তু সম্পর্কে সমালোচনা করা হয়।