মে ৯, ২০২৩, ০৭:০৬ পিএম
রাজধানীর কলাবাগান লেক সার্কাস রোডের একটি বাড়ির চিলেকোঠা থেকে মঙ্গলবার দুপুরের দিকে যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার কুদরত-ই খুদা হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় হৃদয়ের বান্ধবীকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হৃদয়ের লাশ ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মন্জুরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধারকালে সেখানে থাকা তাঁর বান্ধবী প্রত্যাশাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি, প্রত্যাশার সাথে হৃদয়ের প্রেমের সম্পর্ক ছিল। তাদের খুব শ্রীঘই বিয়ে হওয়ার কথাও চলছিল।
প্রত্যাশা পুলিশকে জানান, তিনি গতকাল রাতে হৃদয়ে সাথেই একই বাসায় ছিলেন। সকালে কথা কাটাকাটির জেরে ৭টার সময় চিলকোঠা থেকে বের হয়ে যান তিনি। পরে তিনি ওই বাসায় ফেরেন সকাল ১০ টার পর। চিলেকোঠায় পৌঁছানোর পর তিনি হৃদয়ের লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখেন। হৃদয়ের কর্মস্থলে ফোন করেও জানান তিনি।
ঢাকা মেডিকেলে গিয়ে দ্য রিপোর্ট ডট লাইভের এই প্রতিবেদক দেখেন, হৃদয়ের সাথে লেখাপড়া করতেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এমন অনেক শিক্ষার্থী-বন্ধু সেখানে উপস্থিত। তাদের সাথে কথা বলে জানা যায়, হৃদয় খুবই নম্রস্বভাবের একজন মানুষ। প্রত্যাশা নামের কাউকে তারা চেনেন না বলে জানান। তাদের কোন ইয়ারমেটও নয় সেই মেয়ে।
হৃদয়ের দুলাভাই ইমন বললেন, হৃদয়দের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। হৃদয়ের বাবা ইতালিতে থাকেন। বাবা-মায়ের একমাত্র পুত্র হৃদয়। সে কেনো এমন করলো বুঝতে পারছেন না তিনি। তিনি শুনেছেন, তাঁর বিয়ের কথা চলছিল এমন একজনকে যাকে সে পছন্দ করতো। তাদের মধ্যে ঝগড়াও নাকি হয়েছে। এরইমধ্যে এই মৃত্যুর খবর পেলাম।