বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১২, ২০২৩, ০৮:০৬ পিএম

বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে: কাদের

বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে এমন মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির এক স্বপ্ন মারা গেছে, আরেক স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে? শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফা, সংবিধান সম্মত নির্বাচন। আমাদের এক দফা, শেখ হাসিনাকে রেখেই নির্বাচন।  

বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, আপনারা চান অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরাও সেটা চাই। সেই সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিহত করব।

ঢাকায় যেসব বিদেশি বন্ধুরা এসেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই- আপনারা চান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদেরও লক্ষ্য একই। কিন্তু এ অবাধ সুষ্ঠু নির্বাচনকে যারা বাধা দেবে তাদের প্রতিহত করব।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো অপশক্তির সঙ্গে আপস করবেন না। যারা মায়ের বুক খালি করেছে, রক্তের হলি খেলা করেছে তাদের সঙ্গে আপস নয়। যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে আপস নয়। যারা ১৫ই আগস্ট, জাতীয় চার নেতাকে হত্যা করেছে তাদের সঙ্গে আপস করতে পারি না।

তিনি বলেন, বিএনপির এক দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আমাদের কথা একটা শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ যে নেত্রীকে পছন্দ করেন, যার উন্নয়নকে পছন্দ করেন, যার পরিশ্রম ও সততাকে পছন্দ করেন তার অধীনে নির্বাচন হবে। 

Link copied!