বিএনপি সমাবেশের নামে কোনো সহিংসতা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম তিন সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ জানান, তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন।
তিনি বলেন, সারাদেশ থেকে লাখ লাখ লোক আসতে শুরু করেছে। যুবলীগের সমাবেশে ৮ লাখ লোক হয়েছিল। এটা যেহেতু তিন সংগঠনের সমাবেশ। তাই লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি।
এ সময় আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
এর আগে, ২৩ শর্তে আওয়ামী লীগের এই তিন ভাতৃপ্রতিম সংগঠনকে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই দিনে বিএনপিকেও নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।