জুলাই ৯, ২০২৩, ০৬:২৫ পিএম
সংগৃহীত ফাইল ছবি
৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে নেপালের সাথে ২৫ বছর মেয়াদি একটি চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশ। দীর্ঘ মেয়াদের এই চুক্তির বিষয়ে দুই দেশের কর্মকর্তারা একমত হয়েছেন বলে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার প্রকাশিত নেপালের গণমাধ্যম দ্যা কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চুক্তির মেয়াদ নির্ধারণ হলেও এখন পর্যন্ত শুল্ক নির্ধারণ হয়নি বলেও প্রতিবেদনে জানা গেছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুল মান ঘিসিংয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়,আমরা বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ রপ্তানি চুক্তিতে সই করতে রাজি হয়েছি। এটি প্রতিবেশি দুটি দেশের প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারত সফরে যেয়ে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল দেশটির সাথে দীর্ঘমেয়াদে আন্তঃসরকার বিদ্যুৎ বাণিজ্য বিষয়ক যে চুক্তির উদ্যোগ নিয়েছেন, বাংলাদেশ সরকারের সাথেও একই রকম চুক্তি হয়েছে।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের বিদ্যুৎ বাণিজ্য বিষয়ক পরিচালক প্রবাল অধিকারী জানান, সঞ্চালন চার্জ, সার্ভিস ফিসহ এনটিপিসি বিদ্যুৎ ভাইপার নিগাম লিমিটেডকে (এনভিভিএন) সরাসরি পরিশোধ করতে হবে বাংলাদেশকে। ভারত বর্তমানে বিদ্যুতের ক্রেতাদের কাছ থেকে যে চার্জ নিচ্ছে, সেই পরিমাণ চার্জ সঞ্চালনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।