আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০৮:৩৩ এএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন!

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়া শহর শাখা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ আহম্মেদকে  (৩০) কুপিয়ে হত্যা  করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম বেলাতলা এলাকায় বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিত আহম্মেদ খুন হন। নাহিদ মালগ্রাস বেলাতলা এলাকার মৎস্য ব্যবসায়ী ঝন্টু চৌধুরীর ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করে বলেন, “মঙ্গলবাবর রাত সাড়ে ৮টারে দিকে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কে কারা কুপিয়ে হত্যা করেছে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

বগুড়া জেলা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।

তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা  নাহিদ আহম্মেদ খুনের ঘটনায় তার বাবা ঝন্টু চৌধুরী বাদী হয়ে মঙ্গলবার রাত ‍২টার দিকে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জন নামধারী ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার একটি মাঠে বন্ধুদের নিয়ে গল্প করার সময় কয়েকজন অস্ত্রধারী নাহিদকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Link copied!