লন্ডনে কমনওয়েলথ লিডার্স ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । অনুষ্ঠানে তিনি ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেছেন।
কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে স্থানীয় সময় শুক্রবার (৫ মে) দুপুর ২টার অনুষ্ঠানটি শুরু হয়।
শেখ হাসিনা সেখানে প্রধান সম্মেলন কক্ষে কমনওয়েলথ নেতাদের আলোচনায় যোগ দেবেন, যেখানে রুয়ান্ডার প্রেসিডেন্ট এবং অফিসে কমনওয়েলথ চেয়ার পল কাগামে সভাপতিত্ব করবেন।
সন্ধ্যায় তিনি বাকিংহাম প্যালেসে রাজা ও রানী কনসোর্টের রাজ্যাভিষেকের উপলক্ষে আসা রাষ্ট্রপ্রধান, সরকার ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সংবর্ধনায় যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন অধ্যাপক পায়ম আখাভান।
এর আগে, শুক্রবার (৫ মে) ভোরে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছেছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। শনিবার (৬ মে) লন্ডনের ওয়েসমিনিস্টার অ্যাবে-তে আনুষ্ঠানিকভাবে রাজ মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা।