বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ১ জুন থেকে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মাসিক খাদ্য ভাউচার তিন মাসের মধ্যে দ্বিতীয়বার কমানো হচ্ছে। এটি হবে দৈনিক রেশনের ৩৩ শতাংশ হ্রাস। শরণার্থীদের প্রত্যেককে মাসিক মাত্র ৮ মার্কিন ডলার (৮৪০ টাকা) সমমূল্যের ফুড ভাউচার দেওয়া হবে। এটুকুই তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন, অন্য কোনো বিকল্প তাদের নেই। এ অবস্থায় রোহিঙ্গা পরিবারের মা-বাবারা নিজেরা কম খাচ্ছেন, যেন তাদের সন্তানেরা খেতে পায়।
জাতিসংঘ মনে করছে, রেশনের এই কাটছাঁট প্রায় ১০ লাখ শরণার্থীর জীবনে প্রভাব ফেলবে। যারা খাদ্যসহায়তার ওপরেই নির্ভরশীল। যাদের জীবনধারণের জন্য কর্মসংস্থানের সুযোগ বা কোনো সম্ভাবনা নেই।
জাতিসংঘ বলছে, চলতি বছরের শুরুতে রোহিঙ্গা শরণার্থীরা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) থেকে মাথাপিছু মাসিক ১২ মার্কিন ডলার মূল্যমানের রেশন পাচ্ছিলেন, যা দিয়ে শুধু তাদের দৈনিক চাহিদা মিটতো। কিন্তু অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তাদের মাথাপিছু মাসিক রেশন কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়। এখন তা আরও কমে ৮ মার্কিন ডলারে নেমেছে।