লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব নেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ০৯:০৩ এএম

লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব নেতারা

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।  

গতকাল শনিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এতথ্য জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে সব রাষ্ট্র ও সরকার প্রধানদের আলাপ হয়েছে, তারা তার প্রতি যথার্থ সম্মান দেখিয়েছেন। 

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কথা উল্লেখ করেন। তিনি (প্রধানমন্ত্রী) সবার কাছ থেকে অসাধারণ সম্মান পেয়েছেন বলেও উল্লেখ করেন বাংলাদেশের এই হাইকমিশনার।

অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিসর ও রুয়ান্ডার প্রেসিডেন্ট, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গাম্বিয়া, নামিবিয়া ও উগান্ডার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

সাইদা মুনা তাসনিম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর অব্যাহত নেতৃত্ব এবং তার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। সবাই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করেছেন। তারা (বৈশ্বিক নেতারা) জানতে চেয়েছেন বাংলাদেশ কীভাবে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী ও তার পত্নী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।

সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী ও তার পত্নীকে উদ্ধৃত করে তিনি বলেন, আমরা আপনাকে (বাংলাদেশের প্রধানমন্ত্রী) অনুসরণ করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মে লন্ডনে পৌঁছান। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্ব ব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব এবং জাপানে দ্বিপাক্ষিক সফর করেন।

সংবর্ধনার আগে, তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে দ্বি-বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদান করেন। লন্ডনের কমনয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজা চার্লস তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

 

রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি আলোচনা প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তথ্যসূত্র: বাসস

Link copied!