সংগৃহীত ফাইল ছবি
শক্তিশালী পাসপোর্টের সূচকে আরও উন্নতি করেছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত সাম্প্রতিক শক্তিশালী সূচকে বাংলাদেশের পাসপোর্টকে ৯৬তম অবস্থানে রাখা হয়েছে। এনিয়ে একই প্রতিষ্ঠানের করা আগের সূচকের চেয়ে ৫ ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত নতুন সূচকে দেখা যাচ্ছে— বাংলাদেশ তালিকার ৯৬তম স্থানে অবস্থান করছে। এর আগে, গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।
মানে এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।
বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন পর্যন্ত ৪১ টি দেশে ভ্রমণ করতে পারেন। ২০২২ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম। ওই সময় বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারতেন।
হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এ সূচকে গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের ‘শীর্ষস্থানে’ ছিল জাপান। তবে নতুন প্রকাশিত সূচকে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। এই দেশটির পাসপোর্টধারীরা ১৯২ দেশে ভিসা ছাড়া যেতে পারেন। অপরদিকে, শীর্ষে থাকা জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে জাপানিরা ১৮৯ দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
শক্তিশালী পাসপোর্ট সূচকে এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকত। তবে সর্বশেষ সূচকে ইউরোপের উন্নতি হয়েছে। ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০ দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।
শক্তিশালী সূচকের সবচেয়ে তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া ২৭টি দেশ ও অঞ্চল ভ্রমণের সুবিধা পান। অপরদিকে পাসপোর্টের সূচকে শেষের ৫টি অবস্থানে থাকা অপর দেশগুলো হচ্ছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া ও ইরাক।
প্রসঙ্গত, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করেছ যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান- দ্য হেনলি অ্যান্ড পার্টনারস।
প্রতি ৩ মাস অন্তর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের অবস্থান নিয়ে সূচক প্রকাশ করে এই প্রতিষ্ঠানটি। এ সূচক তৈরিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা আইএটিএ’র তথ্য ব্যবহার করা হয়ে থাকে। পরামর্শক প্রতিষ্ঠানটির সংগ্রহে বিশ্বের ১৯৯টি দেশের নাগরিকদের আকাশ পথে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ১৮ বছরের তথ্য রয়েছে। এছাড়া, ২২৭টি গন্তব্য ও ১৯৯টি পাসপোর্ট নিয়ে হেনলি অ্যান্ড পার্টনারস এ গবেষণা করে থাকে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে জানা গেছে।