শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’: ৫ দিনের রিমান্ডে চাঁদ, মামলা ডিবিতে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

মে ২৫, ২০২৩, ০৯:৩৯ পিএম

শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’: ৫ দিনের রিমান্ডে চাঁদ, মামলা ডিবিতে স্থানান্তর

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় আবু সাঈদ চাঁদকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চাঁদকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার মামলার তদন্ত কর্মকর্তা পুঠিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন আলী।

এসময় রিমান্ড আবেদনের বিরোধীতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদিসহ চাঁদের পক্ষে অর্ধশত আইনজীবী। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে রাজশাহী জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলাটি বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া থানা থেকে জেলা গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আতিকুর রেজা সরকারকে মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আসামি আবু সাঈদ চাঁদকে ডিবি হেফাজতে নিয়েছেন। তাকে পুঠিয়া থানায় পাঠানো হবে না।

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়া মোড় থেকে চাঁদকে গ্রেফতার করা হয়। রাজশাহী জেলা ও মহানগর পুলিশ (আরএমপি) যৌথভাবে সড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন জানান, বিভিন্ন অপরাধে চাঁদের বিরুদ্ধে আগে থেকেই ২০ থেকে ২৫টি মামলা চলমান আছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরের থানাগুলোতে আরও ছয় থেকে সাতটি মামলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও বেশকিছু মামলা হয়েছে। সবকিছুই আইনি প্রক্রিয়ায় হচ্ছে। চাঁদকে গ্রেফতারের ফলে জনমনে স্বস্তি এসেছে।

প্রসঙ্গত, আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, “আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।”

তার এই বক্তব্যের ভিডিও পরের দিন ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। তার নামে রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১০টি মামলা দায়ের হয়েছে।

Link copied!